চলতি পর্যটন মৌসুমের ইতি টানল সেন্টমার্টিন। শনিবার (৩১ জানুয়ারি) ছিল এ মৌসুমে দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের শেষ দিন। ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। এখন থেকে পরবর্তী পর্যটন মৌসুম শুরু না হওয়া পর্যন্ত এই প্রবাল দ্বীপে সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।
দেশের সর্বদক্ষিণের এই দ্বীপটির পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ২০২৩ সাল থেকে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে সরকার। সেই নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময় পর দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হয়।
চলতি মৌসুমেও সেই নির্ধারিত সময়সীমা মেনে ৩১ জানুয়ারির পর থেকে সেন্টমার্টিনে পর্যটন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিরতির মূল উদ্দেশ্য হলো দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য ফিরিয়ে আনা। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী মৌসুমে আবারও পর্যটকরা এই নয়নাভিরাম প্রবাল দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন।