বাংলাদেশের মাটি থেকেই একদিন উঠে আসবে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলার এমন আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, শিশুদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করা তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ ছিল। তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলার মাধ্যমেও বাংলাদেশের পরিচিতি গড়ে তোলা হবে। শিশুদের মেধা বিকাশের জন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান তিনি কেউ গান শিখতে চাইলে, ছবি আঁকতে চাইলে কিংবা কোরআন তেলাওয়াত করতে চাইলে, সবার জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা করবে সরকার।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক চর্চাতেও দক্ষতা অর্জন করতে হবে তাদের। তাহলেই গড়ে তোলা সম্ভব হবে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ। তিনি বলেন, এই শিশুদের মধ্য থেকেই একদিন মেসি, রোনালদো বা এমবাপ্পের মতো খেলোয়াড় উঠে আসবে এবং অলিম্পিকেও বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা দরকার।
আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ নামে নতুন একটি টুর্নামেন্ট চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি শিশুদের প্রতি।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী নিজে।
গত ৬ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ২২ লাখ শিক্ষার্থী।