লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) পরপর দুটি ম্যাচ জিতল ইন্টার মায়ামি। এফসি সিনসিনাটির বিরুদ্ধে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই তারকা, যা দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে।
ভোরের ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে মায়ামি। এই জয়ের সুবাদে প্রতিপক্ষের মাঠে টানা সাতটি ম্যাচ জয়ের রেকর্ড এখন তাদের দখলে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ২৪ মিনিটে সিনসিনাটির এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে সেটি মেসির পায়ে লেগে জালে ঢুকে যায় — কিছুটা ভাগ্যের সহায়তায় হলেও গোলটি মায়ামির পক্ষেই যায়। তবে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সিনসিনাটির কেভিন ডেঙ্কি।
দ্বিতীয়ার্ধের শুরুতে চতুর্থ মিনিটেই পাভেল বুচার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিনসিনাটি। স্বাগতিকরা এগিয়ে থাকলেও বেশিক্ষণ সুবিধা ধরে রাখতে পারেনি। ৫৫ মিনিটে রদ্রিগো ডি পল পেনাল্টি বক্সের ভেতর থেকে বলটি মেসির কাছে বাড়িয়ে দিলে দুর্দান্ত এক শটে ম্যাচ ২-২ সমতায় নিয়ে আসেন মেসি।