বাংলাদেশ হকির জন্য নতুন সুযোগ এসে গেলো। ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের হকি এশিয়া কাপ। শেষ মুহূর্তে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় তৈরি হয়েছে দারুণ সুযোগ। পাকিস্তান দল ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেদের নাম কেটে দিয়েছে। আর সেই ফাঁকা জায়গায় সুযোগ মিলেছে বাংলাদেশকে।
আগামী ২৭ আগস্ট ভারতের বিহারে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। স্বাগতিক ভারতের সঙ্গে খেলবে—চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান আর চাইনিজ তাইপে। সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এএইচএফ (এশিয়া হকি ফেডারেশন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এশিয়া কাপ-২০২৫ এ আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নেবে। ইতোমধ্যে হকি ইন্ডিয়ার পক্ষ থেকেও আমন্ত্রণপত্র এসে গেছে।
আসলে পাকিস্তানের নাম প্রত্যাহারের সম্ভাবনা আগে থেকেই টের পেয়েছিল বাংলাদেশ। তাই ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগেই প্রস্তুতি শুরু করে দেয় জাতীয় দল। এখন জোরেশোরে চলছে ক্যাম্পও।
এশিয়া কাপ আসরটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, যে দল চ্যাম্পিয়ন হবে, তারা সরাসরি জায়গা পাবে আগামী বছরের হকি বিশ্বকাপে। আর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরের পাঁচটি দলও বিশ্বকাপ বাছাইপর্ব খেলার সুযোগ পাবে।

