বেলের সাবেক কোচ কি এবার হামজাদের হয়ে বাংলাদেশে আসছেন?

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হবেন এই প্রশ্নটি এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। বাফুফে কার্যালয়ে চলছে ব্যাপক তৎপরতা। তবে এবার কোচ নিয়োগের পুরো প্রক্রিয়াটাই আগের চেয়ে সম্পূর্ণ আলাদা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন আয়োজন আগে কখনো হয়নি।

 সর্বশেষ কোচ হাভিয়ের কাবরেরার জাতীয় দল পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না
সর্বশেষ কোচ হাভিয়ের কাবরেরার জাতীয় দল পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না

আগে বাফুফে প্রায়ই হঠাৎ করে কম অভিজ্ঞ কাউকে কোচের দায়িত্ব দিত। সর্বশেষ কোচ হাভিয়ের কাবরেরার জাতীয় দল পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না, তবু তাকে টানা চার বছর দায়িত্বে রাখা হয়েছিল। কিন্তু এবার বাফুফে সেই পুরনো ধারা ভেঙে অভিজ্ঞ ও পেশাদার কোচের দিকে মনোযোগ দিয়েছে।

বাফুফে সূত্র জানিয়েছে, এবার কোচ পদের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে মোট ২৩০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভূতপূর্ব আগ্রহের পেছনে মূল কারণ হামজা চৌধুরী — গত বছর তিনি জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে বিশ্ব ফুটবলে বাংলাদেশকে নিয়ে কৌতূহল বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

একাধিক ধাপে বাছাই করে প্রথমে ১০০ জন, পরে ২৩ জন এবং সবশেষে ১১ জনকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আজ রোববারই কোচ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সই করবে ফেডারেশন। তবে আজই নাম প্রকাশ হবে কিনা তা নিশ্চিত নয়, সূত্র বলছে আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

 ক্রিস কোলম্যান
ক্রিস কোলম্যান

সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে সামনের দিকে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলের মতো বিশ্বমানের ফুটবলারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ৫৫ বছর বয়সী কোচের। খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, আর কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামে দায়িত্ব পালন করেছেন। গতকাল তার অনলাইন সাক্ষাৎকার হওয়ার কথা ছিল।

কোচ বার্নড স্টর্ক
কোচ বার্নড স্টর্ক

কোলম্যানের সঙ্গে সমানভাবে আলোচনায় আছেন হাঙ্গেরির সাবেক জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার বুন্দেসলিগায় ১৭০টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৬টি। কোচ হিসেবে হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দল এবং বরুসিয়া ডর্টমুন্ডের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। বাফুফের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এদিকে আলোচনায় বড় চমক হিসেবে এসেছিলেন ব্রাজিলের রোজেরিও মিকেলের নাম। ২০১৬ রিও অলিম্পিকে নেইমারদের সোনাজয়ী এই কোচ বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন। জানা গেছে, নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে তিনি এই আগ্রহের কথা জানান। তবে বাফুফে সিদ্ধান্ত নিতে দেরি করায় মিকেল নিজেই সরে দাঁড়িয়েছেন। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৮ মে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব লন্ড্রিনা এসপোর্তের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। বাফুফে সূত্রে জানা গেছে, মিকেল মাসে ৩০ হাজার ডলার বেতন চেয়েছিলেন।

এবার কোচের জন্য বাফুফে মাসে ১৫ থেকে ২০ হাজার ডলার বাজেট রাখছে, যেখানে আগে এই বাজেট ছিল মাত্র ৮ থেকে ১০ হাজার ডলার। উচ্চমানের কোচ নিশ্চিত করতে বাড়তি অর্থের জোগান পেতে বাফুফে কর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গেও বৈঠক করেছেন, যিনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এমনকি প্রয়োজনে মাসে ২৫ থেকে ৩০ হাজার ডলার পারিশ্রমিকের কোচ আনার কথাও ভাবা হচ্ছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কোলম্যান বা স্টর্কের মতো কোচরা নিজস্ব কোচিং স্টাফ নিয়ে আসতে চাইবেন, সেই বাড়তি খরচ বাফুফে বহন করতে পারবে কিনা এবং তারা যে মানের সুযোগ-সুবিধা চাইবেন তা দেওয়া সম্ভব হবে কিনা এই প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েকদিনেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top