যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মো. মাহফুজুল হক (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশি। তিনি পেশায় একজন খাবার সরবরাহকারী ছিলেন। ডেলিভারি দিতে গিয়েই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রাণ হারান তিনি।
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, মাহফুজুল হকের বসবাস ছিল নর্থইস্ট ফিলাডেলফিয়ায়। মঙ্গলবার (৮ জুলাই) স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে ‘ডোরড্যাশ’-এর হয়ে খাবার পৌঁছে দিতে যান। সেখানেই তাকে মাথার পেছনে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ মাহফুজুলের ইঞ্জিন চালু অবস্থায় থাকা গাড়ি এবং ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে রাইফেলের দুটি গুলির খোসা পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন মুখোশধারীকে চিহ্নিত করা হয়েছে।
নিহত মাহফুজুল হক ‘আল-শাম উইলো গ্রোভ’ নামের একটি প্রতিষ্ঠানেও কাজ করতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ১৪ বছর বয়সি এক সন্তানকে রেখে গেছেন।