রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মারাত্মক পানি সংকটের মুখে পড়েছে ফায়ার সার্ভিস। এই সংকটের কারণে আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা পর্যন্ত মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে পানি সংকট থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে প্রথম আগুন লাগার খবর পায় কর্তৃপক্ষ। এরপর সাড়ে ৭টার দিকে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে একে একে আরও ইউনিট পাঠানো হয়।
এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও এখনও পাওয়া যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।