রিয়াল মাদ্রিদের ইতিহাসে এমন অস্থির সময় খুব কমই এসেছে। মাঠে একের পর এক হতাশাজনক ফলাফল, ড্রেসিংরুমে কলহ, আর বাইরে সমর্থকদের তীব্র ক্ষোভ — সব মিলিয়ে ‘লস ব্লাঙ্কোস’ শিবিরে এখন রীতিমতো ঝড় বইছে। এই পরিস্থিতিতে নীরব থাকা আর সম্ভব হলো না ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পক্ষে। শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে — বোর্ড সভা শেষে স্থানীয় সময় বিকেল ৬টায় ‘সিউদাদ রিয়াল মাদ্রিদ’-এর প্রেস রুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট পেরেজ।
সাধারণত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টকে সরাসরি সাংবাদিকদের সামনে আসতে দেখা যায় না। কিন্তু ক্লাবের ভেতরের অরাজকতা আর মাঠে ধারাবাহিক ব্যর্থতা এবার তাঁকে জনসমক্ষে আসতে বাধ্য করেছে। গুঞ্জন চলছে, এই সংবাদ সম্মেলনে হোসে মরিনিয়োর প্রত্যাবর্তন কিংবা কোনো বড় খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
মরিনিয়োই কি সমাধান?
গত এক সপ্তাহে ক্লাবের পরিস্থিতি যেভাবে বিগড়েছে, তা সামলাতে পেরেজের প্রথম পছন্দ হিসেবে সাবেক কোচ হোসে মরিনিয়োর নাম উঠে আসছে। বেনফিকার সঙ্গে মরিনিয়োর চুক্তিতে আরও ১২ মাস বাকি থাকলেও, মৌসুম শেষে মাত্র এক সপ্তাহের জন্য একটি ‘রিলিজ ক্লজ’ কার্যকর হবে। ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাঁকে বার্নাব্যুতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন পেরেজ।
ট্রেনিং মাঠে মারামারি, ক্লাবের ভাবমূর্তিতে কালিমা
এই সংকটের অন্যতম বড় কারণ ট্রেনিং গ্রাউন্ডে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মধ্যে ঘটে যাওয়া মারামারির ঘটনা। ওই ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভালভার্দেকে। ক্লাব ইতিমধ্যে দুজনকেই ৫ লাখ ইউরো করে জরিমানা করেছে। তবে শাস্তির চেয়েও বড় ক্ষতি হয়েছে ক্লাবের সামগ্রিক ভাবমূর্তির।
এমবাপ্পে বিতর্কে ৭ কোটি স্বাক্ষর
মাঠের ব্যর্থতার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তৈরি হয়েছে আলাদা বিতর্ক। চোটের কারণে ‘এল ক্লাসিকো’ মিস করলেও মাদ্রিদে থেকে সুস্থ হওয়ার বদলে ছুটি কাটাতে চলে যান এই ফরাসি তারকা। তাঁর এই আচরণে এতটাই ক্ষুব্ধ হয়েছেন সমর্থকরা যে, এমবাপ্পেকে বিক্রির দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ইতিমধ্যে প্রায় ৭ কোটি মানুষ স্বাক্ষর করেছেন।
সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর ভবিষ্যৎ এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। পেরেজ আজকের সংবাদ সম্মেলনে ঠিক কী ঘোষণা করেন সেটাই এখন পুরো ফুটবলবিশ্বের নজর কেড়ে নিয়েছে।