১৪ বছরেই বিশ্ব রেকর্ড! ৩৬ বলে সেঞ্চুরি, ৮৪ বলে ১৯০ করলেন বৈভব সূর্যবংশী

0
125
বৈভব সূর্যবংশীর বিশ্ব রেকর্ড
বৈভব সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

৩৬ বলেই শতক, ৮৪ বলে ১৯০—১৪ বছরেই বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন এক বিস্ময়ের নাম এখন বৈভব সূর্যবংশী। একের পর এক টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই কিশোর এবার বিজয় হাজারে ট্রফিতে গড়ে ফেললেন একাধিক বিশ্ব রেকর্ড।

বুধবার রাঁচিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাঠে নামে বিহার দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর ভয়ংকর আক্রমণ চালান ২০১১ সালে জন্ম নেওয়া বাঁহাতি ওপেনার সূর্যবংশী। মাত্র ৩৬ বলেই পূর্ণ করেন শতক, এরপর ৫৯ বলে দেড়শ ছুঁয়ে শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন সূর্যবংশী। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন দীর্ঘদিনের একটি বিশ্ব রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে পাকিস্তানের জহুর এলাহি ১৫ বছর ২০৯ দিন বয়সে সেঞ্চুরি করে এই কীর্তির মালিক ছিলেন।

এই বিধ্বংসী ইনিংসে সূর্যবংশীর ব্যাট থেকে আসে ১৬টি চার ও ১৫টি ছক্কা। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকা এই তরুণ ব্যাটার মাত্র ২৫ বলে ফিফটি করেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। পরবর্তী পঞ্চাশ রান তুলতে তার লাগে মাত্র ১১ বল।

সব মিলিয়ে ১০ চার ও ৮ ছক্কায় ৩৬ বলে শতক পূর্ণ করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন সূর্যবংশী। আন্তর্জাতিক ও ঘরোয়া সব মিলিয়ে এটি লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম শতক। এখনো এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, যিনি ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

শতকের পরও থামেননি সূর্যবংশী। একই গতিতে ব্যাটিং চালিয়ে ১৪ চার ও ১৩ ছক্কায় মাত্র ৫৯ বলে দেড়শ পূর্ণ করেন তিনি। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দেড়শ রানের বিশ্ব রেকর্ড। এর আগে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে দেড়শ করেছিলেন এবি ডি ভিলিয়ার্স।

তবে ২৭তম ওভারে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান এই বাঁহাতি ওপেনার। ফলে অল্পের জন্য হাতছাড়া হয় দ্রুততম ডাবল সেঞ্চুরির সম্ভাব্য আরেকটি বিশ্ব রেকর্ড। এতে কিছুটা স্বস্তি পায় নিউ জিল্যান্ডের চ্যাড বোজ, যিনি ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড ধরে রেখেছেন।