রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহত তরুণ সিয়াম মজুমদারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, নিহত সিয়ামের বয়স ২১ বছর। তাঁর গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটনের দুই হাজার গলির একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে।
সিয়ামের সহকর্মী অহিদুল হাওলাদার জানান, তিনি নিউ ইস্কাটনের একটি ডেকোরেশন দোকানে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছিলেন। অন্যান্য দিনের মতো বুধবার সন্ধ্যায় দোকানের কাজ শেষ করে চা খেতে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর দেন যে সিয়াম রাস্তায় আহত অবস্থায় পাওয়া গেছে। পরে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁর নিথর দেহ শনাক্ত করেন।
অহিদুল আরও জানান, সিয়াম এখনো বিয়ে করেননি এবং তাঁর বাবা একজন সিএনজি অটোরিকশা চালক।
পুলিশ সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে নিউ ইস্কাটনের এজি চার্চ সংলগ্ন রাস্তায় হঠাৎ ফ্লাইওভার দিক থেকে বিস্ফোরক জাতীয় একটি বস্তু নিক্ষেপ হলে সিয়াম এতে মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের উদ্দেশ্য ছিল জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এর আগেও একই স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। সাধারণত এসব বিস্ফোরণে বড় ক্ষতি না হলেও সিয়াম সরাসরি আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়।

