ফরাশগঞ্জে বিপর্যয়: তহুরা-মনিকা দুই ম্যাচ নিষিদ্ধ, ইনজুরিতে ছিটকে গেলেন বিদেশি ডিফেন্ডার

0
102
ফরাশগঞ্জ তহুরা মনিকা নিষেধাজ্ঞা
ফরাশগঞ্জ তহুরা মনিকা নিষেধাজ্ঞা

রেকর্ড ২৩-০ গোলের দাপুটে জয় সত্ত্বেও স্বস্তিতে নেই ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নারী ফুটবল লিগে কাচারিপাড়া একাদশকে বড় ব্যবধানে হারালেও মাঠের বাইরের বেশ কিছু ঘটনায় চাপের মুখে পড়েছে পুরান ঢাকার এই দলটি।

শৃঙ্খলাজনিত কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফরাশগঞ্জের দুই তারকা তহুরা খাতুন ও মনিকা চাকমা। একই শাস্তি পেয়েছেন কাচারিপাড়ার ফুটবলার সাবিত্রী ত্রিপুরাও।

৪ জানুয়ারি লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ২১ মিনিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে, যার জেরে হাতাহাতির ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফরাশগঞ্জের মনিকা চাকমা এবং কাচারিপাড়ার সাবিত্রী ত্রিপুরা। এসময় সতর্কতাসূচক হলুদ কার্ড দেখেন ফরাশগঞ্জের অধিনায়ক মারিয়া মান্দা।

মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ভিডিও রিভিউয়ের ভিত্তিতে মনিকা, তহুরা এবং সাবিত্রীকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেয়।

এদিকে শুধু শৃঙ্খলাজনিত শাস্তি নয়, ইনজুরিও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফরাশগঞ্জের জন্য। একই ম্যাচে গোড়ালিতে চোট পান দলের নেপালি ডিফেন্ডার পূজা রানা। ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছে, অন্তত ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ক্লাবটির দাবি ইচ্ছাকৃত ফাউলের মাধ্যমেই তাদের বিদেশি ডিফেন্ডারকে আহত করা হয়েছে।