রাষ্ট্রের সর্বোচ্চ পদটিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে পা রাখলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার পরপরই তিনি সেখানে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অভ্যর্থনা পর্ব শেষে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর তিনি দাপ্তরিক কাজ শুরু করেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন। দাপ্তরিক কাজ শেষে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সব আনুষ্ঠানিকতা ও জোহরের নামাজ শেষে দুপুর দেড়টার দিকে তাঁর বঙ্গভবন ছাড়ার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। এরপর সাংবিধানিক নিয়ম মেনে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, তিনি দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বঙ্গভবনে অফিস করলেও, বাসস্থানের জন্য সংসদ ভবন এলাকাতেই অবস্থান করবেন।