বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি কয়েকটি অঞ্চলের নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের দেওয়া এক বিশেষ বুলেটিনে জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় থাকা লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে এবং সামনে এটি আরও শক্তিশালী হতে পারে।
লঘুচাপটির প্রভাবে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এমন পরিস্থিতিতে সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, নদীবন্দরগুলোর জন্য দেওয়া আলাদা এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
এ কারণে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।