বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের দুর্দান্ত জয়

0
195
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। তবে আজ আবারও জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে মেয়েরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল–সবুজের কিশোরীরা। দলের হয়ে একটি করে গোল করেছেন সৌরভী আকন্দ, থুইনু মারমা ও রিয়া।

এই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। আগামী বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিল না বাংলাদেশ। শুরুতে আক্রমণে গতি আনতে না পারলেও শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। ৪১ মিনিটে মামনি চাকমার ক্রসে থুইনু মারমা গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ গোলকিপার লক্ষ্মীর ভুলে সৌরভী আকন্দ ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে নেপাল আক্রমণে ফেরার চেষ্টা করলেও কাজে আসেনি। পোস্টে বল লেগে ফিরেছে, আবার অনেক শট গোলকিপার ইয়ারজান বেগমের দক্ষতায় ঠেকানো হয়েছে। শেষ মুহূর্তে অবশ্য রিয়া গোল করে দলের জয়ে স্বস্তি এনে দেন।

চার দলের এই প্রতিযোগিতা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে, তারাই হবে চ্যাম্পিয়ন। সমান পয়েন্ট হলে আগে দেখা হবে মুখোমুখি ফলাফল, তারপর গোল পার্থক্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here