ভেনেজুয়েলায় মার্কিন হামলা: উত্তর কোরিয়ার তীব্র নিন্দা, পাশে ইরান

0
72
ভেনেজুয়েলায় মার্কিন হামলা
ভেনেজুয়েলায় মার্কিন হামলা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, এই হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে ‘অত্যন্ত গুরুতর ও সরাসরি হস্তক্ষেপের’ শামিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (KCNA) জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মার্কিন পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও নৃশংস চরিত্রের আরেকটি স্পষ্ট প্রমাণ’ হিসেবে অভিহিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বা অতিরিক্ত তথ্য দেয়া হয়নি।

আল জাজিরার এক প্রতিবেদনে কেসিএনএর বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়।

এদিকে, ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণ এবং নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে তেহরান।

রোববার (৪ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তোর সঙ্গে ফোনালাপে এই অবস্থানের কথা জানান। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথাকথিত সামরিক অভিযান এবং দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ‘অপহরণ’-এর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আরাঘচি। তিনি এটিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ’ বলে উল্লেখ করেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) ইরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। কিছু গণমাধ্যমে মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার খবর প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানায় তেহরান।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান: মাদুরো ‘আটক’ দাবি ট্রাম্পের, যা জানা যাচ্ছে এখন পর্যন্ত

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় রাতভর সামরিক অভিযান পরিচালনা করে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে দেশটিতে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে এবং আপাতত ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।