বোনাস বাঁচাতে লেভানডফস্কিকে গোল করতে না বলেছিল বার্সা!**
ফুটবল দুনিয়ায় ফরোয়ার্ডদের প্রধান কাজই গোল করা। বড় দলের ক্ষেত্রে প্রত্যাশা আরও বেশি—স্ট্রাইকার গোল দেবেন, দল জিতবে, ট্রফিও আসবে। কিন্তু যদি কোনো ক্লাব নিজেই তার সেরা গোলদাতাকে বলে, “এখন আর গোল করো না”? অদ্ভুত শোনালেও এমন ঘটনাই ঘটেছিল বার্সেলোনায়, আর সেই খেলোয়াড় আর কেউ নন—রবার্ট লেভানডফস্কি।
২০২২-২৩ মৌসুমের শেষভাগ। বায়ার্ন মিউনিখ ছাড়ার পর বার্সায় প্রথম বছর কাটাচ্ছেন লেভানডফস্কি। লা লিগা শিরোপা ইতোমধ্যে জিতে ফেলেছে দল। একই সময়ে শীর্ষ গোলদাতার তালিকায়ও বাকিদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন এই পোলিশ স্ট্রাইকার।
ঠিক সেই সময়েই নাকি ক্লাব থেকে তাকে জানানো হয়—আর গোল করার প্রয়োজন নেই!
বইয়ে ওঠে আসা অভিযোগ
সম্প্রতি প্রকাশিত ‘লেভানডোভস্কি: দ্য রিয়াল ওয়ান’ বইয়ে লেখক সেবাস্তিয়ান স্টাশেভস্কি দাবি করেছেন, লিগে দুই ম্যাচ বাকি থাকতে বার্সার কর্মকর্তারা লেভাকে মিটিংয়ে ডেকে এমন অনুরোধ করেন। তখন তার গোল ছিল ২৩টি—অর্থাৎ মাত্র দুই গোল দূরে ২৫ এ পৌঁছাতে।
গোল আটকানোর পেছনে অঙ্কের খেলা
লেভানডফস্কি গোল করুক, সেটা কম নয়—বার্সা চাইছিল তার ২৫ গোল পূর্ণ না হোক! কারণ, বায়ার্নের সঙ্গে চুক্তি অনুযায়ী ২৫ গোল হলে বার্সাকে অতিরিক্ত ২.৫ মিলিয়ন ইউরো (২৫ লাখ ইউরো) দিতে হতো বোনাস হিসেবে।
আর্থিক সংকটে থাকা বার্সেলোনা এ অতিরিক্ত খরচে যেতে চাইছিল না। তাই কৌশলগত নয়, শুধুমাত্র অর্থ বাঁচাতেই এই অনুরোধ করা হয়।
লেভানের নীরবতা এবং পিচিচি জয়
বার্সার অনুরোধের প্রতি সম্মান দেখিয়েছিলেন লেভানডফস্কি। শেষ দুই ম্যাচে সম্পূর্ণ ম্যাচ খেললেও গোল করেননি তিনি। তারপরেও পিচিচি ট্রফি জিততে কোনো সমস্যা হয়নি তার, করিম বেনজেমাকে অনেক পেছনে রেখে।
বর্তমানে লেভার অবস্থা
বর্তমান মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ৩৭ বছর বয়সী এই তারকা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচে তার গোল ৭টি। বার্সার সঙ্গে চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে গুঞ্জন উঠেছে, নতুন করে আর চুক্তি নবায়ন নাও করতে পারে ক্লাবটি।
