টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান আলোচনাকে যেন ভিন্ন মাত্রায় নিয়ে গেল আইসল্যান্ড ক্রিকেট। মাঠের পারফরম্যান্সে তারা খুব পরিচিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ–বিদ্রুপে জনপ্রিয়তা বেশ। সেই ধারাবাহিকতায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও এবার মজা করল তারা।
টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস বাকি, কিন্তু এখনও ভেন্যু নিয়ে জটিলতা পুরোপুরি কাটেনি। আইসিসি ২০ দলের গ্রুপিংসহ সবকিছু ঘোষণা করে রেখেছে ঠিকই, তবে ভারতের মাঠে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতি নিয়ে আলোচনা যখন চরমে, তখনই হাসির জোগাতে এক্স–এ নতুন পোস্ট দিল আইসল্যান্ড ক্রিকেট।

তাদের প্রকাশ করা ২০ দলের তালিকায় ১৯টি দল আগের মতোই ছিল, শুধু ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে আইসল্যান্ডের নাম। পোস্টের ক্যাপশনে তারা লিখেছে, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কারা বেশি উত্তেজিত?
এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত নয়, বিকল্প ভেন্যুতে খেলার অনুরোধ জানিয়ে গত রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশকে নাকি বাধ্য হয়েই ভারতের মাটিতে খেলতে হবে, নাহলে কাটা যাবে পয়েন্ট। এমনকি বিসিবির ওপর নাকি আইসিসি ‘আলটিমেটাম’ও দিয়েছে!
তবে বিসিবি এসবকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে একটি বিবৃতি দিয়েছে। বোর্ড জানিয়েছে, দলের স্বার্থে আইসিসি নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনার তীব্রতা বাড়ে। অনেকে প্রশ্ন তুলেছেন একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতের পরিবেশকে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।
আইসিসির মেইলের জবাব পাওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে সঙ্গে নিয়ে বিসিবির নীতিনির্ধারকদের বৈঠকও হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
প্রয়োজন হলে আইসিসিকে আবারও বিষয়টি পরিষ্কারভাবে বোঝানো হবে।

