বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তাঁকে বরিশাল থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের বাংলা বাজার এলাকার একটি বাড়িতে সিআইডির বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়। এ সময় স্থানীয় পুলিশও অভিযানে সহায়তা করে। পরে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
সিআইডি সূত্র জানায়, গত জুলাই মাসের অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে আসামি করা হয়। মামলায় তাঁর বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীসহ আরও অনেকে অভিযুক্ত।
গত বছরের ১ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আসামির তালিকায় রয়েছে। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি এবং তাঁর বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন। এর আগে চলতি মাসের ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং পরে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
