ফুটবলের ইতিহাসে কে সর্বকালের সেরা—এই বিতর্ক যেন কখনোই থামে না। অনেকেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে একসঙ্গে সর্বশ্রেষ্ঠ বলে মানেন। কিন্তু ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দৃষ্টিভঙ্গি একটু আলাদা।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা স্পষ্ট করে বলেন, ক্রিস্তিয়ানো তাঁর চোখে সর্বকালের সেরা ফুটবলার নন। যদিও তিনি মনে করেন, পর্তুগিজ অধিনায়ক ফুটবল ইতিহাসের সেরা ১০ জনের মধ্যে অন্যতম।
রোনালদো নাজারিও বলেন,
ক্রিস্তিয়ানো অসাধারণ। তিনি সব অবস্থান থেকে, নানাভাবে গোল করেছেন—যা সহজ কাজ নয়। তিনি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু সর্বকালের সেরা? আমি তাতে একমত নই। আমি তাঁকে টপ ১০-এর মধ্যে রাখব।
নিজের প্রসঙ্গে তিনি বলেন,
আমি সাধারণত এসব বিতর্কে জড়াতে পছন্দ করি না। কেউ কেউ নিজেদের অর্জন নিয়ে বেশি কথা বলে, কিন্তু আমি চাই মানুষ আমার পারফরম্যান্স নিয়েই কথা বলুক।
অন্যদিকে, কিছুদিন আগে পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো নিজেই নিজের ক্যারিয়ার নিয়ে মত দেন। তাঁর মতে, বিশ্বকাপ না জিতলেও তাঁর সাফল্য কম নয়।
ক্রিস্তিয়ানো বলেন,
মানুষ বলে, আমাকে বিশ্বকাপ জিততেই হবে। কিন্তু আমি দেশকে তিনটি শিরোপা এনে দিয়েছি, যা আগে কখনো হয়নি। আমি এতে গর্বিত।
আগামী ২০২৬ বিশ্বকাপ সম্ভবত ক্রিস্তিয়ানোর শেষ বড় মঞ্চ হতে যাচ্ছে। সেই আসরেই হয়তো তিনি আবারও প্রমাণ করতে চাইবেন, কেন তাঁকে এখনও ইতিহাসের সেরাদের একজন বলা হয়।
