লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা এখন বেশ স্বস্তির মধ্যেই আছে। সমান ১৮ ম্যাচ শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালানরা। বার্সার সংগ্রহ ৪৬ পয়েন্ট, যেখানে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৪২।
লা লিগার ১৯তম রাউন্ডে আগামীকাল নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সুখবর পেয়েছে বার্সা সমর্থকেরা। ইনজুরি ও অসুস্থতা কাটিয়ে দানি ওলমো ও লামিন ইয়ামাল—দুজনই দলে ফিরছেন বলে নিশ্চিত করেছেন কোচ ফ্লিক।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন,
“ওলমো এবং ইয়ামাল—দুজনই বার্সেলোনা ডার্বির জন্য প্রস্তুত।”
ডিসেম্বরের শুরুতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের ম্যাচে কাঁধে চোট পান দানি ওলমো। অন্যদিকে অসুস্থতার কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন লামিন ইয়ামাল। তবে সব শঙ্কা কাটিয়ে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচে দুজনকেই দেখা যাবে।
সংবাদ সম্মেলনে রোনাল্ড আরাউহোর ফিটনেস নিয়েও কথা বলেন ফ্লিক। তিনি জানান,
“আরাউহো ধীরে ধীরে উন্নতি করছে। যদিও এখনো শতভাগ ফিট নয়, তবে চোট কাটিয়ে ফিরছে—এটাই আমাদের জন্য ইতিবাচক।”
তবে দলের ডিফেন্সিভ পারফরম্যান্স নিয়ে উদ্বেগ লুকাননি বার্সা কোচ। লা লিগায় ১৮ ম্যাচে ২০ গোল হজম করেছে বার্সেলোনা, যা লিগের শীর্ষ সাত দলের মধ্যে সবচেয়ে বেশি। চ্যাম্পিয়নস লিগেও রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট—৬ ম্যাচে গোল হজম করেছে ১১টি।
ডিফেন্স শক্তিশালী করতে নতুন খেলোয়াড় আনার বিষয়ে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন,
“এই মুহূর্তে আমরা নতুন খেলোয়াড় নেওয়ার জন্য প্রস্তুত নই। তবে সত্যি বলতে গেলে আমাদের আরও খেলোয়াড় দরকার।”
তিনি জানান, বিষয়টি নিয়ে ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং গ্রীষ্মকালীন দলবদলেই সমস্যার সমাধান খোঁজা হবে।

