ঢাকা: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।
তার ছেলে জেহান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বাদ জোহর ধানমন্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক শমশের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)। এক শোকবার্তায় সংস্থাটি জানিয়েছে, দেশের শিক্ষা ও গবেষণায় তার অনন্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন ড. শমশের আলী। ১৯৫৪ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৬ সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে এবং ১৯৫৯ সালে অনার্স ও ১৯৬০ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
উচ্চতর শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে যান এবং ১৯৬১ ও ১৯৬৫ সালে পরমাণু পদার্থবিজ্ঞান বিষয়ে দুটি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয় ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মধ্য দিয়ে। পরে তিনি ঢাকার আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৭০ সালে পরিচালক পদে উন্নীত হন।
ড. শমশের আলী ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। এছাড়াও তিনি ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন।

