তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে কোনো আবেদন আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

0
102
তারেক রহমান ট্রাভেল পাস
তারেক রহমান ট্রাভেল পাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য ট্রাভেল পাস সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভাটিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ কূটনীতিকদের ব্রিফ করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ট্রাভেল ডকুমেন্টের আবেদন আসেনি। ফলে এ বিষয়ে সরকারের কাছে নতুন কোনো তথ্য নেই।

এর আগের দিন বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও একই তথ্য জানান তিনি। তখনও বলা হয়, দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় কোনো আবেদন বা যোগাযোগ এখন পর্যন্ত করা হয়নি।

নির্বাচন ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কূটনৈতিক ব্রিফিং

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি অবহিত করে। জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

দুপুর আড়াইটার পর যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, জার্মানি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের গাড়িও সেখানে উপস্থিত হয়।

পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংক্ষিপ্ত ব্রিফিংয়ে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন সহযোগী ও কূটনীতিকদের অবহিত করেন।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ঢাকাস্থ সব দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

ব্রিফিংয়ে ঢাকায় কর্মরত প্রায় ৪০ জন বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here