তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক: শোয়েব আখতার

0
124
তাসকিন গতির রেকর্ড
তাসকিন গতির রেকর্ড

বাংলাদেশের পেস আক্রমণের প্রধান ভরসা তাসকিন আহমেদ। ধারাবাহিক উন্নতি, নিয়ন্ত্রিত লাইন–লেন্থ এবং আগ্রাসী গতি দিয়ে সাদা বলের ক্রিকেটে তিনি নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবার সেই তাসকিনকে নিয়ে বড় প্রত্যাশার কথা জানালেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর। এবারের টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন করবেন শোয়েব আখতার। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাশার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে শোয়েব বলেন, বিপিএলের এবারের আসরে তিনি তাসকিন আহমেদের কাছ থেকে সর্বোচ্চ গতির বোলিং দেখতে চান।

২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েছিলেন শোয়েব আখতার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রেকর্ড এখনও অক্ষত রয়েছে। তবে এবার সেই রেকর্ড ভাঙার দায়িত্ব তাসকিন আহমেদের কাঁধে তুলে দিতে চান তিনি।

শোয়েব আখতার বলেন,
“আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।”

বর্তমানে দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন সাবেক এই পাকিস্তানি পেসার। বিপিএল শুরু হলে তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানান।

বাংলাদেশ সফর নিয়ে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে শোয়েব বলেন, এই দেশের মানুষের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই আলাদা ছিল।

তিনি বলেন,
আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। অনেকদিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। বাংলাদেশের মানুষের ভালোবাসা আমি আজীবন পেয়েছি। এখানকার মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে, সেটার জন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশে এসে আমি সত্যিই আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here