দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে কোনো ধরনের উন্নয়ন কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনদিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হওয়া এবং নীতি–নৈতিকতার সাথে জীবন পরিচালনা করা একজন ক্যাডেটের মূল শিক্ষা। তিনি জানান, সশস্ত্র বাহিনী ভবিষ্যতে আরও দক্ষ ক্যাডেট তৈরি করতে চায়, যেখানে নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়নকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, “দেশের ৫০ ভাগ নারীকে পিছনে রেখে উন্নয়নের চেষ্টা করা ভুল হবে—তাই তাদের সক্ষম করে গড়ে তোলা জরুরি।”
নতুন যোগ দেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি পূর্বসূরীদের মতো দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করে সেনাপ্রধান বলেন, তারা যেন যোগ্যতা, শৃঙ্খলা ও দেশপ্রেম দিয়ে দেশের সেবা করে যায়।
পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন এবং প্যারেডের সালাম গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
