বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য দারুণ সুযোগ এসেছে শিরোপা ঘরে তোলার। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীলঙ্কার মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।
এবারের টুর্নামেন্টে এখনো হারের স্বাদ পায়নি বাংলাদেশ দল। কোচ গোলাম রব্বানী ছোটনের একাগ্র পরিশ্রম আর খেলোয়াড়দের দীর্ঘদিনের প্রস্তুতি লাল-সবুজ জার্সিধারীদের আরও শক্তিশালী করে তুলেছে। শুরু থেকেই শ্রীলঙ্কা, নেপাল আর পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে ফয়সালরা। পরে আবার পাকিস্তানকেই হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।
শেষ লড়াইয়ে প্রতিপক্ষ ভারত—দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল দলগুলোর একটি। তবু বাংলাদেশ নিজেদের ফেভারিট হিসেবেই দেখছে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও আত্মবিশ্বাসী, সবার একসাথে খেলার জোরেই কাপ উঠবে লাল-সবুজের হাতে।
কোচ ছোটনের কথায়, “ভারত শক্তিশালী দল বটে, তবে আমাদের ছেলেরা যথেষ্ট মোটিভেটেড। ম্যাচ কঠিন হবে, কিন্তু জয়ের সুযোগ দুই দলেরই সমান।”
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-১৭ এ এখনো শিরোপা ধরা দেয়নি। গতবার ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার-আপ হয়েই ফিরতে হয়েছিল। তাই এবার প্রতিশোধের মিশনে নামবে ফয়সালরা।

