সরকার চাইলে ২৪ ঘণ্টায় গুলি করা ব্যক্তিকে ধরা সম্ভব: রুমিন ফারহানা

0
87
রুমিন ফারহানা গুলির ঘটনা
রুমিন ফারহানা গুলির ঘটনা

সরকার ইচ্ছা করলে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব—এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, হাদির ওপর গুলিবর্ষণ ও আহত করার ঘটনাটি অত্যন্ত গুরুতর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দায় সরকারকেই নিতে হবে। তিনি দাবি করেন, ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকার চাইলে এ ধরনের নৃশংস অপরাধীকে খুব অল্প সময়ের মধ্যেই আইনের আওতায় আনা সম্ভব।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিরতা তৈরি করতে চায়। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির এই নেত্রী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সক্রিয় রয়েছে। তাই দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, সরকারের ভেতরে যদি এমন কোনো অংশ থাকে যারা নির্বাচনকে বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা এবং স্বাধীন মত প্রকাশের পরিবেশ চায়। জনগণের সেই প্রত্যাশাকে অবহেলা করা ঠিক হবে না।

রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচনী পরিবেশ যেন সুন্দর ও সমান সুযোগের ভিত্তিতে তৈরি হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। নির্বাচনকে সামনে রেখে আর কোনো সহিংস ঘটনা যেন না ঘটে, সেটাই এখন সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানে শরীফপুর হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম এবং প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here