ঝিনাইদহ-৪ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মো. রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের একদিন পরই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়ে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, রাশেদ খানের অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামের ইতিহাস এবং তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতাকে মূল্যায়ন করে দল তাকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় নেতাকর্মীদের রাশেদকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নানা রাজনৈতিক অধ্যায়ে সহযোদ্ধাদের সঙ্গে কাজ করার স্মৃতিকে তিনি সম্মানের সঙ্গে মনে রাখেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এবং দলের সবার প্রতি দোয়া-ভালোবাসা কামনা করেন।
রাশেদ খান বলেন, দায়িত্ব না থাকলেও সম্পর্ক ও বন্ধন আগের মতোই থাকবে। নতুন রাজনৈতিক অধ্যায়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

