অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।
বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান, সরকার একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি চলমান সংস্কার প্রক্রিয়া, প্রশাসনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক অগ্রগতির বিষয়েও তিনি অবহিত করেন।
দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বাংলাদেশ-কানাডা বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়টিও। উভয় পক্ষই বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিখাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গা ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন,
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল তখনই সম্ভব, যখন তারা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারবে। তাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় সমাধান করতে হবে।
কানাডীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। তিনি বলেন, কানাডা রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।
বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন, আগামীর নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটানো একটি ঐতিহাসিক পর্ব।
