রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন আস্তানা চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৩৫টি তাজা ককটেল এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিশেষ অভিযানে এই কারখানাটি শনাক্ত করা হয়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত ও অভিযান চলমান আছে, বিস্তারিত পরে জানানো হবে।
ডিএমপির একাধিক সূত্র জানায়, সরকারের নিষিদ্ধ ঘোষণা করা রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী সোমবার (১৭ নভেম্বর) কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করছিল। উদ্ধার করা বিস্ফোরকগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল বলেও জানা যায়।
