খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ২১-২২ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার বছরের শিক্ষা-জীবনের যাত্রা শেষে শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে বিদায়ী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখেন।
গতকাল ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রফিকুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মোঃ মিজানুর রহমান, পরিচালক (উপাচার্য), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে আলোচনা ও দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি গবেষক ড. মাওলানা গোলজার হোসাইন ও হাফেজ মাওলানা নূরী শাহাদাতুল্লাহ। ইসলামিক পরিবেশনা উপস্থাপন করেন তালিমুন শিল্পীগোষ্ঠী।

সভাপতিত্ব করেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান। শিক্ষার্থীদের বিদায়ের অনুভূতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা-জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিদায় সংবর্ধনায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, চার বছরের এই পথচলায় তারা শুধু একাডেমিক জ্ঞানই নয়—জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছেন। অনেক শিক্ষার্থী তাদের শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
২১-২২ সেশনের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ নাজিম উদ্দিন খান বলেন, “এই চার বছরে আমরা যেমন শিখেছি, তেমনি একে অপরের পাশে থেকেছি। শিক্ষক, প্রশাসন এবং বন্ধুদের সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সম্ভব হতো না। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

