সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন

0
121
খালেদা জিয়ার মৃত্যু
খালেদা জিয়ার মৃত্যু

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই।
দীর্ঘদিন অসুস্থতার পর তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রায় এক মাস ধরে তিনি কিডনি জটিলতা, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময় তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ড. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঘনিষ্ঠজনেরা পাশে উপস্থিত ছিলেন।

তার শারীরিক অবনতি প্রকাশ্যে আসার পর থেকেই হাসপাতালের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সুস্থতা কামনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও তিনি দীর্ঘ সময় ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। ২০২১ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে সিসিইউতেও চিকিৎসা নিতে হয়েছিল।

২০২৪ সালের জুনে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়। একই সময় বিদেশি চিকিৎসকদের সহায়তায় লিভারের জটিল অস্ত্রোপচারও সম্পন্ন হয়। তার হৃদপিণ্ডে তিনটি ব্লক থাকায় আগেও একটি রিং পরানো হয়েছিল।

২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে আরেকটি মামলায়ও দণ্ডপ্রাপ্ত হন। প্রথমে কারাগারে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্তি পান তিনি এবং গুলশানের বাসায় অবস্থান করছিলেন।
২০২৪ সালের ৬ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তিনি সব দণ্ড থেকে সম্পূর্ণ মুক্তি পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here