বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ সফরের বিষয়টি কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, দ্বিপক্ষীয় সৌহার্দ্য ও শোক প্রকাশের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে, বেগম জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ছাড়াও ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা ঢাকায় আসবেন বলে জানা গেছে। বিষয়টিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে শোকবার্তা দিয়েছে।
রাষ্ট্রীয় শোক ও জানাজা কর্মসূচি
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

