ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

0
88
Dhaka University Hall Name Change
Dhaka University Hall Name Change

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় ডাকসু নেতাদের প্রস্তাব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপারিশ অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রস্তাবিত নামশহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ রাখা হয়েছে। এই পরিবর্তনের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপিও জমা দিয়েছিলেন ডাকসু নেতারা।

সিন্ডিকেট সভায় আরও আলোচনা হয় সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে। শিক্ষার্থীদের অভিযোগ যাচাই–বাছাইয়ের পর চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম এবং অধ্যাপক মো. মশিউর রহমান।

এ ছাড়া দুই শিক্ষককে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতর্ক করা শিক্ষকেরা হলেন অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরী।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চার্জশিট তৈরি এবং কেন শিক্ষকদের বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি হল দুটির নাম পরিবর্তনের বিষয়টিও সিনেটে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।