আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
এর আগে, রোববার তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির এই শীর্ষ নেতা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।
এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকা কিংবা মিছিল ও শোডাউন করলে মনোনয়নপত্র বাতিলের পাশাপাশি দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

