নাগরিকরা বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে সরকারি পুরস্কার

0
41
বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার
বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে বায়ুদূষণ কমাতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, যে কেউ যদি কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা দেখেন, সেই ছবি মন্ত্রণালয়ে পাঠালে সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে এবং সেই ছবির জন্য পুরস্কারও থাকতে পারে।

মন্ত্রণালয়ের মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে শীতকালীন শুকনো মৌসুমে বায়ুদূষণ তীব্র হয়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ যদি বর্জ্য পোড়ানোর ছবি সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠান, তাহলে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

ছবিগুলো পাঠানোর জন্য ই-মেইল ঠিকানা: climatechange2@moef.gov.bd। পাঠানোর সময় প্রেরকের নাম, ফোন নম্বর, ঘটনাস্থল, এলাকার ঠিকানা ও সময় উল্লেখ করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি মাসে পাঠানো ছবিগুলো যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রেরকদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই উদ্যোগে নাগরিকদের অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের ২০২৪ সালের ‘Clearing the Air: Addressing Bangladesh’s Air Pollution Crisis’ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো প্রায় ১১ শতাংশ অবদান রাখে।

এছাড়াও, ২০২৫ সালের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI) অনুযায়ী, বায়ুদূষণ বাংলাদেশের মানুষের আয়ু কমানোর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু প্রায় ৫.৫ বছর কমেছে। ১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে পিএম ২.৫ কণার ঘনত্ব ৬৬.২% বৃদ্ধি পেয়েছে, যা মানুষের আয়ু আরও ২.৪ বছর কমিয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের বায়ুদূষণ সবচেয়ে গুরুতর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুদূষণের ফলে শিশুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুদের মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও অ্যাজমা রোগের হার বেড়েছে, এছাড়াও যক্ষ্মার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here