ভোলায় রাজনৈতিক উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার ও পৌরসভা চত্বর এলাকায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মিছিলকে কেন্দ্র করে শুরু উত্তেজনা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকাল ১১টার দিকে বিজেপি শহরে মিছিল বের করে এবং পরে নতুন বাজারের দলীয় কার্যালয়ে সমাবেশ করে। একই সময় মহাজন পট্টিতে সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরাও মিছিল নিয়ে রাস্তায় নামেন।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নতুন বাজার এলাকায় দুই দলের মিছিল কাছাকাছি আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় ধাওয়া–পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং ইটপাটকেল নিক্ষেপ।
গাড়ি–মোটরসাইকেল ভাঙচুর
সংঘর্ষের সময় সড়কে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া বিজেপির স্থানীয় অফিসে রাখা আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন,
“পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপি নতুন বাজার এলাকায় প্রবেশ করায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।”
