সিলেটে সফলভাবে আয়োজনের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং এডুকেশন প্রোগ্রাম। তৃণমূল কোচদের যোগ্যতা ও দক্ষতা আরও বৃদ্ধি করতে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ যে দেশব্যাপী উদ্যোগ হাতে নিয়েছে, তারই ধারাবাহিক অংশ হিসেবে নতুন এই কোর্স শুরু হলো।
মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের লেভেল–এ কোচিং কোর্সের উদ্বোধন করেন বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরি। এবার চট্টগ্রামের বিভিন্ন একাডেমি থেকে মোট ৩২ জন কোচ অংশ নিচ্ছেন এই প্রশিক্ষণে।
কোর্সে অংশগ্রহণকারীরা শিখবেন আধুনিক কোচিং ধারণা, বয়সভিত্তিক ক্রিকেটারদের সঠিকভাবে দক্ষতা উন্নয়ন, এবং মাঠ ব্যবস্থাপনাসহ কোচিংয়ের নানা প্র্যাকটিক্যাল বিষয়। প্রশিক্ষণ পরিচালনায় আছেন বিসিবির অভিজ্ঞ কোচ ওয়াহিদল গণি, গোলাম ফারুক সুরু, ইমদাদ ইমদু ও নাসিরউদ্দিন সজীব। ফিটনেস ও ট্রেনিং সেশনগুলো পরিচালনা করছেন ট্রেনার সিজার।
উদ্বোধনী অনুষ্ঠানে আহসান ইকবাল চৌধুরি বলেন, “দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি করতে হলে মানসম্পন্ন কোচই সবচেয়ে বড় ভিত্তি। কোচরা যত দক্ষ হবেন, তৃণমূলের খেলোয়াড়রাও তত ভালোভাবে গড়ে উঠবে।”
গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও কোচদের উন্নয়নকে দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শুধু খেললেই হবে না, খেলাটাকে জানতে হবে, শিখতে হবে। যারা এসব কোর্স করছেন তারা মূলত তৃণমূল পর্যায়ে কাজ করেন, তাই তাদের উন্নয়ন দেশের ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করবে।”
সিলেটের পর চট্টগ্রামে শুরু হওয়া এই কর্মসূচি ধীরে ধীরে দেশের সব বিভাগেই সম্প্রসারিত হবে বলে জানিয়েছে বিসিবি। লক্ষ্য একটাই—তৃণমূল থেকে যোগ্য কোচ ও সঠিক পরিবেশ তৈরি করে ভবিষ্যৎ ক্রিকেটারদের পথ সুগম করা।
