বাংলাদেশে ফুটবল মানেই একরাশ আবেগ। এই খেলার প্রেম কত গভীর, সেটা আলাদা করে বলার দরকার নাই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর পর থেকে ফুটবল নিয়ে উৎসাহ যেন নতুন করে বেড়ে গেছে। মাঠে বাংলাদেশ খেলবে মানে দর্শকরা টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়বে—যেভাবেই হোক একটা টিকিট চাই-ই চাই! তাই তো বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার সাথে সাথেই আধাঘণ্টারও আগে সব শেষ।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। এর আগেও জুনে এখানে ম্যাচ খেলেছিল লাল-সবুজরা, তখন হাজার হাজার দর্শক মাঠে গিয়েছিল। টিকিট পেতেও হিমশিম খেতে হয়েছিল অনেকে।
কিন্তু এবার অনলাইনে টিকিট ছাড়ার পর মাত্র ২৪ মিনিটের মধ্যেই সব বিক্রি শেষ হয়ে যায়। বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল বিষয়টা নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, সাধারণ গ্যালারি আর ক্লাব হাউস মিলিয়ে প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। সময় লেগেছে সর্বোচ্চ ২৬ মিনিট।
কালোবাজারি বা অন্য কোনো ঝামেলা হবে কিনা—এই প্রশ্নে তাজওয়ারের জবাব, না, সবকিছু স্মুথলি হয়েছে। এটা আসলে আনন্দের খবর।
তবে সিঙ্গাপুর ম্যাচের মতো এবারও কিছু আসন খালি থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। কারণ আগেরবার এক ঘণ্টা আগে গেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক টিকিটধারী ঢুকতে পারেননি। এবারও একই নিয়ম থাকবে।
আরেকটি মজার তথ্য হলো, হংকং ম্যাচের টিকিট শুধু বাংলাদেশ থেকেই নয়, জার্মানি থেকেও অনেকে কিনেছেন।

