ঢাকার আর্মি স্টেডিয়ামে শেষ হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের পর্দা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ৮ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় এশিয়া–ওশেনিয়ার ৩০টি দেশের আর্চাররা।
পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করেছে ভারত। দেশটি মোট ১০টি পদক জিতেছে—এর মধ্যে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ। দক্ষিণ কোরিয়া পেয়েছে ১০টি পদক; তবে তাদের স্বর্ণের সংখ্যা ২টি। আয়োজক বাংলাদেশও পদক জিতেছে—একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ।
রিকার্ভ নারী দলগত ইভেন্ট
দিনের শুরুতে অনুষ্ঠিত হয় রিকার্ভ নারী দলগত ফাইনাল। চাইনিজ তাইপেকে ৬–০ ব্যবধানে হারিয়ে স্বর্ণ ওঠে দক্ষিণ কোরিয়ার ঝুলিতে। তাদের হয়ে অংশ নেন জ্যাং মিনহি, কিম সু রিন ও নাম সু হিউন।
এ ইভেন্টের ব্রোঞ্জ আগেই নিশ্চিত করে মালয়েশিয়া, উজবেকিস্তানকে ৬–০ সেট পয়েন্টে হারিয়ে।
রিকার্ভ পুরুষ দলগত ফাইনাল
পুরুষ দলগত ফাইনালে ভারত ও দক্ষিণ কোরিয়া উপহার দেয় উত্তেজনাপূর্ণ লড়াই। চার সেট শেষে সমতা (৪–৪) থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলই ২৯ পয়েন্ট পেলেও তীর কেন্দ্রবিন্দুর কাছে লাগানোর সুবাদে ভারত বিজয়ী হয় ২৯+ স্কোরে। সঞ্জয় ইয়াশদীপ ভোগে, অতনু দাস ও রাহুলের সমন্বয়ে গড়া ভারত দল স্বর্ণ জেতে।
এই ইভেন্টের ব্রোঞ্জ আগের দিন পেয়েছিল উজবেকিস্তান।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট
মিশ্র দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপে একপেশে লড়াইয়ে ৬–২ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারিয়ে স্বর্ণ জেতে। দলটির হয়ে খেলেন লি তিসাই-চি ও তাই ইউ-হুসুয়ান।
ব্রোঞ্জ ম্যাচে দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহি-সিও মিনগি জুটি ৬–০ সেটে ভারতকে উড়িয়ে দেয়।
রিকার্ভ নারী একক
দ্বিতীয় সেশনে রিকার্ভ নারী এককের স্বর্ণ জিতে ভারতীয় আর্চার অঙ্কিতা ভাকাত। তিনি ৭–৩ সেট পয়েন্টে হারান দক্ষিণ কোরিয়ার নাম সুহেউনকে।
ব্রোঞ্জের লড়াই জমে ওঠে ভারতীয় দ্বীপিকা কুমারী ও সঙ্গীতা দাসের মধ্যে। ৫–৫ সমতা শেষে টাইব্রেকারে দুজনই ১০ স্কোর করেন, তবে কেন্দ্রবিন্দুর কাছাকাছি নিশানা ভেদ করায় জয় পান দ্বীপিকা।
রিকার্ভ পুরুষ একক — টুর্নামেন্টের শেষ ম্যাচ
ফাইনাল ম্যাচটি পরিণত হয় ‘অল ইন্ডিয়া’ শোডাউনে। ধীরাজ বোম্মাদেভারা ৬–২ সেটে রাহুলকে হারিয়ে স্বর্ণ জিতে নেন।
ব্রোঞ্জ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সিও মিনগি ৭–১ সেট পয়েন্টে হারান জ্যাং চিয়েহাওয়ানকে।
